
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তড়িঘড়ি করেছে অভিযোগ করে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নির্ধারিত, এখানে অন্য কিছু হওয়ার সুযোগ নেই।অলি আহমদ বলেন, কোনো সংসদ সদস্য তাঁর ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন না, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত। কর্তার ইচ্ছাই কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে, সেখানেই ভোট দিতে হবে।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে অলি আহমদ এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীর এই প্রতিক্রিয়ার কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর অলি আহমদ পান ৮৮ ভোট। সংসদের ৩৫০ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।.১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ দলের মতামতের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না। বিএনপি ক্ষমতায় আসলে তাদের ৩১ দফা অনুযায়ী সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা বলেছিল। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, তবে বিএনপি কেন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছে, তা জানা নেই। তারা হয়তো মনে করছে সংশোধন না করে নির্বাচন করলে তাদের প্রার্থী জয়লাভ করবে আর সংশোধন হয়ে গেলে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে।অলি আহমদ বলেন, অনেক সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ ভাগ লোক তাঁর পক্ষে ভোট দিয়েছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ থেকে ৩০ ভাগ লোক ভোট দিয়েছেন। এর মাধ্যমে জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।.রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, বঙ্গভবনে তিনটি মাজার ও একটি মসজিদ আছে। এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। তবে আগামী দিনে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।অলি আহমদ আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে সুশাসন ও জবাবদিহির জন্য অনেক ছেলে-মেয়ে জীবন দিয়েছে। সব ক্ষেত্রে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না।.মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এলডিপি এবং ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধন্যবাদ জানান অলি আহমদ। তিনি বলেন, ‘একসাথে অনেক দিন কাজ করেছি; আপনার কাছ থেকে আমরা কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা।’মির্জা ফখরুলের উদ্দেশে এলডিপি সভাপতি আরও বলেন, ‘দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে।’ জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি সুশাসন ও সুবিচার থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।