
যুক্তরাষ্ট্রে গাড়ির ইঞ্জিনে লুকিয়ে প্রায় ৭৬ মাইল (১২২ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছে একটি নবজাতক বিড়ালছানা। পরে গাড়ি থেকে সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ঘটেছে এ ঘটনা। পিটারসন হেলথ নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একজন কর্মী প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে কর্মস্থলে পৌঁছানোর পর সেটির ইঞ্জিন থেকে কিছু একটা শব্দ শোনেন। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখেন, ইঞ্জিনের যন্ত্রাংশের মাঝে লুকিয়ে আছে একটি ছোট্ট সদ্যোজাত বিড়ালছানা।সম্ভবত, রকস্প্রিংস থেকে কারভিল যাওয়ার পথে গাড়িটির ইঞ্জিনের ভেতর উঠে বসেছিল বিড়ালছানাটি। দুই শহরের দূরত্ব প্রায় ৭৬ মাইল। পুরো সময় ইঞ্জিনের মাঝে লুকিয়ে ছিল সেটি। দীর্ঘ এ যাত্রায় ইঞ্জিনের প্রচণ্ড উত্তাপ ও ঝাঁকুনি সহ্য করেও অলৌকিকভাবে বেঁচে যায় ছানাটি।.তবে প্রাণী উদ্ধারকারীদের মতে, এ ধরনের ঘটনা বিরল নয়। শীতল আবহাওয়ায় কিংবা রাতে উষ্ণতার খোঁজে অনেক সময় বিড়াল বা ছোট প্রাণী গাড়ির ইঞ্জিনের আশপাশে আশ্রয় নেয়, যা তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।যাহোক, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান কেরভিল শহরের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা ও স্থানীয় প্রাণী উদ্ধারকারী দল কারভিল পেটস অ্যালাইভের কর্মীরা। এরপর হাসপাতালের কর্মীদের সহায়তায় গাড়ির সামনের গ্রিল ও বিভিন্ন অংশ খুলে সতর্কতার সঙ্গে ছানাটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করা হয় ছানাটির।.কারভিল পেটস অ্যালাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দীর্ঘ ও অপ্রত্যাশিত এ যাত্রার পর বিড়ালছানাটি এখন নিরাপদে আছে। তাকে উষ্ণ ও আরামদায়ক জায়গায় রাখা হয়েছে। দেওয়া হয়েছে পর্যাপ্ত খাবার।সংগঠনটি জানিয়েছে, ইঞ্জিনে লুকিয়ে এতটা পথ পাড়ি দিলেও বিড়ালছানাটি শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন তানভীর
Copyright © 2026 প্রকাশ নিউজ. All rights reserved.