নিজস্ব প্রতিবেদক: পল্লবীতে শীর্ষ সন্ত্রাসীদের সন্ত্রাসবিরোধী মিছিলের ব্যানারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহারের ঘটনাকে পুরো জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন উর্দু-ভাষী যুব ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক ও অনুসন্ধানী সাংবাদিক ইমরান খান।
একই সঙ্গে পল্লবীকে অপরাধচক্রের প্রভাব থেকে মুক্ত করা এবং যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনাসহ মিরপুরকে ঘিরে গড়ে ওঠা বিদেশে পলাতক ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগী তথাকথিত সাংবাদিক আমীরের গ্রেপ্তারের দাবিতে আগামী রোববার দুপুর ৩টায় পল্লবী থানার মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, বিদেশে পলাতক ফোর স্টার গ্রুপের মতো একটি চক্রের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা কিভাবে রাজনৈতিক দলের পদধারী হতে পারেন। তাদের সমর্থকদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল করা সরকারকে বিতর্কিত করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ইমরান খান আরও বলেন, সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে সন্ত্রাসীদের এই মিছিলকে প্রমোট করেছেন বিদেশে পলাতক ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমীর হোসেন। তিনি এই ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান।
এদিকে রোববারের সন্ত্রাসবিরোধী কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন তানভীর
Copyright © 2026 প্রকাশ নিউজ. All rights reserved.