
কিশোরগঞ্জের ভৈরবে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলামীন সৈকতকে কুপিয়ে জখম করার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব বাজার এলাকার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পায়ের রগ কেটে দেয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রিকশাযোগে চন্ডিবের সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত হন। তবে এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।