সপ্তাহজুড়ে কোথাও বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের আভাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 6, 2026

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।আজ রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।.সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, এখনো বর্ষাকাল চলছে। বর্ষা শেষ হবে অক্টোবরের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি। সেই হিসাবে এখন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এ বৃষ্টি একদিক দিয়ে ভালো। না হলে মানুষ ভ্যাপসা গরমে কষ্ট পাবে।.আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা—২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি ৬৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে ফেনী জেলায়।তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। সপ্তাহজুড়ে কয়েক দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ সেপ্টেম্বর দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/x8fy37j5j3